ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্মচারী সংসদের নতুন কমিটি গঠন সভাপতি অমরেশ মন্ডল রতন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াহিদ

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) কর্মচারী সংসদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সততা, নিষ্ঠা ও কর্মচারী বান্ধব নেতৃত্বের প্রত্যয়ে ২১ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটি আগামী দিনে কর্মচারীদের অধিকার আদায়ে কাজ করবে।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অমরেশ মন্ডল রতন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ওয়াহিদ।

সম্প্রতি নির্বাচন শেষে গত ১০ অক্টোবর ২০২৫ তারিখে গঠিত কমিটির বিষয়ে ২৪ অক্টোবর অফিস আদেশ জারি করে কর্তৃপক্ষ। আদেশে আঞ্চলিক থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত সকল দপ্তরের কর্মচারীদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

নতুন কমিটি গঠনের পর নেতৃবৃন্দ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবু সায়েদ এবং নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তারা কর্মচারীদের বিভিন্ন যৌক্তিক দাবি ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। প্রশাসক নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং সিটি কর্পোরেশনের সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে একসাথে কাজ করার আহ্বান জানান।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যারা রয়েছেন তাদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক সহ কার্যকরী সদস্যরা অন্তর্ভুক্ত আছেন।

নবনির্বাচিত সভাপতি অমরেশ মন্ডল রতন বলেন, “আমাদের মূল লক্ষ্য সুশৃঙ্খল সংগঠন, সমৃদ্ধ কর্মচারী সমাজ গড়ে তোলা। আমরা কোনো ব্যক্তি স্বার্থে নয়, সকল কর্মচারীর কল্যাণে কাজ করতে চাই। প্রশাসনের সাথে সমন্বয় করে ডিএসসিসিকে একটি মডেল প্রতিষ্ঠানে রূপ দিতে আমরা বদ্ধপরিকর।”

সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াহিদ বলেন, “কর্মচারীদের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা সমাধানে আমরা কাজ করব। কর্মচারী বান্ধব পরিবেশ নিশ্চিত করাই আমাদের প্রথম অঙ্গীকার।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *