‘মোঃএমদাদুল হক মিলন
সম্পাদক ও প্রকাশক
ছেলে সাংবাদিকতা’ করে শুনলে কিছুদিন আগেও মেয়ের বাপেরা পাত্র-পাত্রী দেখা বৈঠকেই ছেলেপক্ষকে মুখের ওপর মানা করে দিতেন।
এমন গল্প হরহামেশাই শোনা যেত। একবার এক সাংবাদিক গেছেন মেয়ে দেখতে। কথাবার্তার সবকিছু প্রায় পাকা হয়ে গেছে।
এ সময় পাত্রীপক্ষের একজন ছেলের কাছে জানতে চাইল, তা বাবা, সাংবাদিকতা কর, ভালো কথা। কিন্তু পাশাপাশি চাকরি কর কোন্টা?
এ প্রশ্ন শুনে ছেলে লা-জওয়াব! লা-জওয়াব হলে যা হয়, তা-ই হলো। বিয়ে গেল ভণ্ডুল হয়ে!
এখন অবশ্য মেয়ের বাবারা তাদের ধ্যানধারণা বদলে ফেলেছেন। পেশা হিসেবে কয়েক বছর ধরেই সাংবাদিকতা দাপিয়ে বেড়াচ্ছে।
বিশ্ববিদ্যালয়গুলোতে সাংবাদিকতা বিষয় তুমুল জনপ্রিয়।
পেশাদারিত্বের সঙ্গে সঙ্গে সুযোগ-সুবিধা বেড়ে গেছে। কিছুটা সুদিন ফিরেছে। সাংবাদিকরা এখন নিজের গাড়িতে চড়েন।
তাই মেয়ের বাবারাও এখন মুখ ফিরিয়ে নেন না। সিনেমার পর্দাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে রাজত্ব আছে সাংবাদিকের। নায়িকারা এসব সিনেমায় হুটহাট সাংবাদিকদের প্রেমেট্রেমেও পড়ছে ইদানিং। সব মিলিয়ে সাংবাদিকদের এখন জয়জয়াকার।
ঠিক এ কারণে কি না জানি না, চলতি সময়ে সাংবাদিকতা পেশার প্রতি তরুণদের আগ্রহ বেড়েছে বেশ। আর পেশা হিসেবে সাংবাদিকতায় আগ্রহ বেড়ে যাওয়ায় প্রয়োজন পড়েছে এ বিষয়ে পড়াশোনারও।
দক্ষ সাংবাদিক হতে গেলে আগে সাংবাদিকতায় পড়াশোনা করতে হবে, এমন ধারণা থেকেই হয়ত বিশ্ববিদ্যালয়গুলোতে এ বিষয়ে পড়তে আগ্রহীদের লাইন বাড়ছে।
বিশ্ববিদ্যালয়ে নতুন নতুন বিভাগ খোলা হচ্ছে, পড়ানো হচ্ছে। শিক্ষার্থীরা পড়ছেন, পাস করছেন, বেরিয়ে যাচ্ছেন। কেউ বাধা ডিঙিয়ে সাংবাদিকতায় সুযোগ পাচ্ছেন।
কিন্তু দুঃখের কথায় আসি এবার। এই শিক্ষিতরা পাত্তা পাচ্ছে না ফকিরাপুলের সাংবাদিকদের কাছে। ফকিরাপুলের সাংবাদিকরা জাতিকে উদ্ধার করতে সারাদিন উল্কার মতো ছুটছে এদিক থেকে সেদিক। ছাকনি দিয়ে সংবাদ ধরা চাই।
এদের বেশিরভাগেরই কাধে ক্যামেরা, কিংবা হাতে বুম। পরিচয়পত্রের পদ রিপোর্টার কাম ড্রাইভার, কারোবা ক্রসপোন্ডেন্ট রিপোর্টার। এদের পত্রিকার নাম দৈনিক আওয়াজ বকওয়াজ। কিংবা প্রতিদিন সত্যের সন্ধান।
অথবা দৈনিক জনগণের কণ্ঠ। এই পত্রিকাগুলো ছাপা হয় সাকুল্যে দেড়শ কপি। এরকম এক প্রেস থেকেই এই টাইপের নামের পত্রিকা বের হয় হাজার খানেক।
শুধু পত্রিকার ফ্লাগ বা মাস্টহেড চেঞ্জ করে পুরো বডি আই মিন সংবাদ এক থাকে। কোনো পত্রিকার নাম যদি হয় ‘দৈনিক সত্যের সন্ধানে’। আপনি সত্যের সন্ধান করতে গিয়ে দেখবেন, সত্য নিজেই পত্রিকাটির ঠিকানা খুঁজে পাচ্ছে না!
কোনো পত্রিকার নাম যদি হয় ‘দৈনিক জনতার কণ্ঠ’। জনতা কোনোদিন সেই পত্রিকার কণ্ঠ শুনেছে কি না, তা জানা যায় না। কারণ সেটির সার্কুলেশনই তো দেড়শ কপি।
মোট কথা, এসব পত্রিকার যত আইডি কার্ড আছে, তত কপিও ছাপা হয় না।
এসব পত্রিকার মালিকদের আবার আপনি দেখবেন রাজধানীর পথে দুই-তিন কোটির ল্যান্ডক্রুইজার প্রাডোতে ঘুরতে। গাড়িতে দেখবেন পত্রিকার নাম ও প্রেস লেখা চিকা। এদের মালিকরা যেমন রাজপথে দাপটে ঘোরে, এদের সাংবাদিকরাও সাংঘাতিক দাপটে সরকারি বেসরকারি বিভিন্ন অফিসে ঢুকে যায় ধুম করে।
এই ফকিরাপুলেরা সাংবাদিকতার সম্মানকে এভারেস্টচূড়ায় নিয়ে গেছে। মানুষের একটা সাধারণ বিশ্বাস ছিল, প্রেস কখনো মিথ্যে বলে না। এই বিশ্বাসটুকুর ওপর ভর করেই সংবাদমাধ্যম জনগণের ওপর প্রভাববিস্তার করে। এই মওকাটাই এরা ব্যবহার করে।
এভাবে এরা দেশের সাংবাদিকতাকে এক নজীরবিহীন মর্যাদার স্থানে নিয়ে গেছে। রাস্তা থেকে দশটা শিক্ষার্থীকে ধরে এনে ‘ভবিষ্যতে কি হইতে চাও’ বা ‘মাই এইম ইন লাইফ’ কি তোমার, এরকম জিজ্ঞাসা করলে নির্ঘাত নয়জনই এখন সাংবাদিকতার নাম নেবে।
এমনকি তারা প্রধানমন্ত্রী হবার বাসনাও জলাঞ্জলি দিতে পারে!
সাংবাদিকতা এমনই লোভনীয় এক মওকা নিয়ে হাজির হয়েছে এই দেশে। সমাজপতি, শিল্পপতি, ধনপতি, নগরপতি থেকে শুরু করে নাপিত, বাস ড্রাইভার, ট্রাকড্রাইভার, লঞ্চড্রাইভার কেউই সাংবাদিক হবার সুযোগ হারাতে চাচ্ছে না।
এককালে কাকের চেয়ে কবি বেশি ছিল, এখন সেই স্থান দখল করে নিয়েছে মহামাণ্য সাংবাদিকবৃন্দ। এ কারণে আঠের কোটি জনসংখ্যার দেশে সাংবাদিকতা পেশার সংগঠনের সংখ্যাও এখন ‘বিশ কোটি’ ছাড়িয়ে যাওয়ার উপক্রম হয়েছে।
বুঝতে পারলেন তো, কেন এদেশের মানুষদের সাংবাদিক হবার এমন বাসনা বেশিরভাগ মানুষের?