শ্যামপুরে শহীদ জিয়াউর রহমান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
ক্রাইম রিপোর্টার মোঃ মহিব্বুল্লাহ
রাজধানীর শ্যামপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট সিজন-২, ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা কটন মিলস উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব আলহাজ্ব তানভীর আহমেদ রবিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর শ্যামপুর থানা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব ইমরান আহমেদ রাসেল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী রবিন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শ্যামপুর থানা ছাত্রদলের আহ্বায়ক ফরিদুল ইসলাম বিপ্লব ও সদস্যসচিব স্বাধীন মাহমুদ রোমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়াচর্চার প্রসার ঘটাতে হবে। নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তারা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিকে ধারণ করে এ ধরনের ক্রীড়া আয়োজন নতুন প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করবে। পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ফাইনাল খেলাকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমী, রাজনৈতিক নেতাকর্মী, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
শ্যামপুর থানা ছাত্রদল, ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের মাধ্যমে তরুণ সমাজকে খেলাধুলামুখী ও মাদকমুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।