রমজানে খাদ্যসংকট হবে না, মজুত বাড়াচ্ছে সরকার: খাদ্যমন্ত্রী
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ০৭:৫০
অনলাইন সংস্করণ
চট্টগ্রাম জেটি ও সাইলো পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে খাদ্যমন্ত্রী আফরোজা খানম। ছবি: কালবেলা
চট্টগ্রাম জেটি ও সাইলো পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে খাদ্যমন্ত্রী আফরোজা খানম। ছবি: কালবেলা
আসন্ন রমজানে খাদ্যসংকট হবে না বলে জানিয়েছেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম।
তিনি বলেন, ‘দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। চাহিদা বিবেচনায় মজুত আরও বাড়ানো হচ্ছে। তবে বাড়তি চাহিদা, পরিবহন ব্যয় ও আন্তর্জাতিক বাজারের অস্থিরতা বিবেচনায় রেখে আগাম প্রস্তুতি নিতে হবে।’
শনিবার (১০ অক্টোবর) চট্টগ্রাম জেটি ও সাইলো পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। পরে তিনি দেওয়ানহাট সিএসডির গুদাম পরিদর্শন করেন এবং হালিশহর সিএসডির সম্মেলনকক্ষ উদ্বোধন করেন।
মন্ত্রী বলেন, ‘জনগণের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে শুধু খাদ্যের মজুত যথেষ্ট নয়; সুষ্ঠু সংরক্ষণ, দক্ষ ব্যবস্থাপনা ও সময়মতো সরবরাহও জরুরি। আসন্ন রমজানে খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, অপচয় রোধ এবং সরকারি সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করতে হবে।’