ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক নির্বাচিত হলেন মোঃ রুবেল আহম্মেদ রানা
এম,এ এইচ মিলন
ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বের মূল্যায়ন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ডেমরা থানা শাখার নতুন আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন রাজপথের পরীক্ষিত ছাত্রনেতা মোঃ রুবেল আহমেদ রানা।
দীর্ঘদিন ধরে বিএনপি এবং ছাত্রদলের আদর্শ বুকে ধারণ করে সংগঠনের জন্য নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন তিনি। দুঃসময়ে দলের হাল ধরে রাখা এই তরুণ নেতার আহ্বায়ক নির্বাচিত হওয়ায় ডেমরা থানা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে।
জানা যায়, বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে ছিলেন রুবেল আহমেদ রানা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে বহুবার হামলা-মামলার শিকার হয়েছেন তিনি। পুলিশি হয়রানি, গ্রেফতার আতঙ্ক ও মিথ্যা মামলা কোনো কিছুই তাকে রাজপথ থেকে সরাতে পারেনি। ফ্যাসিস্ট হাসিনা পতনের প্রত্যেকটি আন্দোলনে তিনি জীবন বাজি রেখে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
নবনির্বাচিত আহ্বায়ক মোঃ রুবেল আহমেদ রানা বলেন, “আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমার জন্য সম্মানের। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমি ডেমরা থানা ছাত্রদলকে একটি শক্তিশালী ও সুসংগঠিত ইউনিট হিসেবে গড়ে তুলতে চাই। আমার লক্ষ্য এবার আগামীর বাংলাদেশ গড়া।”
তিনি আরও বলেন, ডেমরা থানার প্রতিটি ওয়ার্ডে ছাত্রদলকে আরও গতিশীল করা হবে এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্রদল সবসময় পাশে থাকবে।
এদিকে তাকে নির্বাচনে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল ও ডেমরা থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তারা আশা প্রকাশ করেন, রুবেল আহমেদ রানার নেতৃত্বে ডেমরা থানা ছাত্রদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।